নেত্রকোনা: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন অবকাঠামো উন্নয়ন কার্যক্রম আকস্মিক ও অনানুষ্ঠানিক পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) সিনিয়র সচিব আবদুল খালেক। সাথে ছিলেন তার সহধর্মিণী।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে শিক্ষা সচিব স্থানীয় উর্দ্ধতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে। তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি নিমের চারা রোপণ করেন সিনিয়র সচিব আবদুল খালেক। বৃক্ষরোপণ শেষে তিনি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে হেঁটে হেঁটে নবনির্মিত ভবন ও বিভিন্ন কক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নির্মানাধীন অবকাঠামো ও চারপাশ ঘুরে দেখেন।
এ সময় তিনি বলেন, ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের অনতিদূরে পার্শ্ববর্তী উপজেলার এক গ্ৰামে আমার জন্ম। আমি ভালোবাসি আমার এলাকার মানুষকে, ভালোবাসি বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকার বিশ্ববিদ্যালয়কে। এটি সরকারি দায়িত্ব, সরকারি কাজ করা। আমি শিক্ষা সচিব হিসেবে এসেছি, এতে আমি অত্যন্ত আনন্দিত।এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়া হবে এবং স্থগিত কাজগুলো দ্রুত ইনশাআল্লাহ্ পুনরায় শুরু করা হবে।’
পরিদর্শনকালে তার সার্বক্ষণিক সঙ্গী হয়েছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান।
এছাড়াও নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং রাজস্ব) মুন মুন জাহান লিজাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।