ঢাকা: রাজধানীর আদাবরে সিটি করপোরেশনের পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়ন কাজে বাধা দেওয়া এবং ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেন-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, নয়ন-কে ডিবি গ্রেফতার করেছে শুনেছি। কিন্তু তাকে এখনও থানায় হস্তান্তর করা হয়নি।
জানা যায়, সম্প্রতি আদাবর ও মনসুরাবাদ আবাসিক এলাকার কয়েকটি সড়কে সিটি করপোরেশনের পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের কাজ শুরু হয়। এ প্রকল্পের আওতায় ভবনগুলোতে নতুন ড্রেনেজ সংযোগ দেওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ভবনমালিকদের জিম্মি করে প্রতিটি ভবনের জন্য ১০ থেকে ২০ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে।
স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের পর আদাবর থানা ছাত্রদলের একটি অংশের নেতারা এলাকায় একটি চক্র গড়ে তুলে প্রভাব বিস্তার করছেন। মামলা ও প্রাণনাশের আশঙ্কায় সাধারণ মানুষ প্রকাশ্যে অভিযোগ করতে ভয় পাচ্ছেন। এমনকি, স্থানীয় দোকানপাট থেকে নিয়মিত চাঁদা আদায় এবং মাদক কারবার নিয়ন্ত্রণেও এই চক্রের সদস্যদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।