Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদা তুলে বিদেশে শীর্ষ সন্ত্রাসীদের কাছে প্রেরণ, তিন সহোদর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৬ ১৯:০২

– ছবি : সংগৃহীত

ঢাকা: আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মিরপুরের ‘ফোর স্টার গ্রুপ’র শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানো এবং দেশে তাদের কার্যক্রম পরিচলনার অভিযোগে সন্ত্রাসবিরোধী মামলায় তিন সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা ওই শীর্ষ সন্ত্রাসীদের আপন ভাগ্নে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধায় মিরপুরের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের বিকাবদার তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার তিনজন হলেন- মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) এবং মো. অমিত হাসান (২৮)। তারা সকলেই পরস্পর সহোদর। তাদের পিতা আমির হোসেন এবং মাতা নাসিমা বেগম। গ্রেফতারকৃত এই তিনজন আসামি মিরপুরের ফোর স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন, সন্ত্রাসী মশিউর রহমান ও সন্ত্রাসী জামিলুর রহমান ওরফে জামিলের ভাগ্নে (তারা বোন নাসিমা বেগমের ভাই)। তাদের স্থায়ী ঠিকানা ঢাকার সাভারের নামাগেন্ডা এবং বর্তমান ঠিকানা পল্লবী থানাধীন কালশী এলাকার ৫০ নম্বর বাসা, ‘ধ ব্লক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের বলেন, গ্রেফতারকৃত মেহেদী হাসান ওরফে জয় মিরপুরের ‘ফোর স্টার গ্রুপ’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মফিজুর রহমান মামুনের চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন প্লট ও ফ্ল্যাট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং পরিচালনা এবং আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানো হতো বলেও প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ছাড়া, গ্রেফতারকৃত সানজিম হাসানের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব ব্যবহার করে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। মোবাইল ফোনের মাধ্যমেও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো বলে জানা গেছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের মিরপুর থানায় সন্ত্রাসবিরোধী মামালায় গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপির মিরপুর বিভাগে অপরাধ দমন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।