ঢাকা: অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবসে আগামীকাল রোববার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর কোর্টে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবস আগামীকাল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এতে বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
এ উপলক্ষে আগামীকাল আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।