Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেলেন না শহিদুল আলম, ৭ দিনের রিমান্ড


৬ আগস্ট ২০১৮ ১৯:০৬ | আপডেট: ৬ আগস্ট ২০১৮ ২০:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রখ্যাত আলোকচিত্রী ও দৃকের প্রতিষ্ঠাতা শহিদুল আলমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার (৬ আগস্ট) সন্ধ্যায় মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত শহিদুল আলমের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সোমবার পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে রমনা থানায় শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন নিয়ে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে গুজব ও উসকানি ছড়ানোর অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

পরে তাকে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক আরমান আলী তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন আদালতে। অন্যদিকে, শহিদুল আলমের পক্ষে আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন আদালতের জামিনের আবেদন করেন।

শুনানি গ্রহণ করে মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন এবং ১০ দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহিদুল আলমকে তার বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের অ্যাডিশনাল কমিশনার কাজী শফিউল আহমেদের বরাত দিয়ে শহিদুল আলমের পার্টনার অধ্যাপক রেহনুমা আহমেদ সারাবাংলা’কে বলেন, একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে শহিদুল আলমকে আটক করা হয়েছে। সোমবার দুপুরের দিকে তিনি নিজেও মুখ্য মহানগর হাকিমের আদালতে পৌঁছেছেন বলে জানান। এ সময় সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তার সঙ্গে ছিলেন বলে জানান তিনি।

আরও পড়ুন-

আইসিটি আইনে গ্রেফতার শহীদুল আলম, ১০ দিনের রিমান্ড আবেদন

সিএমএম কোর্টে নেয়া হচ্ছে শহীদুল আলমকে, মামলা আইসিটি অ্যাক্টে

সারাবাংলা/এআই/টিআর