।। মহিউদ্দিন সুমন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
টাঙ্গাইল: ঈদুল আজহাকে সামনে রেখে দেশের অন্যতম টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে দেশি-বিদেশি গরুর বেচাকেনা বেড়েছে।কোরবানির ঈদকে ঘিরে এই হাটে দেশি গরুর পাশাপাশি ভারতীয় গরুসহ মহিষ বিক্রি বেড়েছে। দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা এই হাট থেকে কম দামে গরুর কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন।
গত বছরের তুলনায় এ বছর প্রায় ৫ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করে হাট ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় হাট ইজারাদার জানান, ইউএনও ঝোটন চন্দ যোগদানের পর থেকেই গোবিন্দাসী গরুর হাট উন্নয়নে বিশেষ ভূমিকা নিয়েছেন। আগে গরুর হাটে পানি জমে কাদার সৃষ্টি হত। এখন হাটে মাটি ভরাট, গেট নির্মাণ, অফিস ঘর নির্মাণ, হাটের চারপাশে ফ্ল্যাট লাইট, বাউন্ডারি নির্মাণসহ বিভিন্ন প্রকল্প তৈরি করে কাজ শুরু করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রান্ত থেকে আসা গরুর ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদ উল-আযহার আগে সাময়িকভাবে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১২টি হাটের জন্য প্রায় ৫ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করে ৪৭ লাখ ১০ হাজার টাকা ইজারা দেওয়া হয়েছে।
নোয়াখালী থেকে আসা ব্যবসায়ী আব্দুল মালেক জানান, গত বছরের চেয়ে এ বছর হাটের পরিবেশ ভাল। হাটে কোন কাঁদা নেই।
গোবিন্দাসী গরুর হাটের ইজারাদার হান্নান সরকার ও লিটন মন্ডল জানান, এ বছর হাটে বিভিন্ন উন্নয়নের কারণে হাটে দূর-দূরান্ত থেকে গরু কিনতে পাইকাররা আসছে। হাটের পরিবেশ ভাল হওয়ায় গত বছরের তুলনায় এ বছর বেশি সরকারি রাজস্ব দিয়ে হাট ইজারা নেওয়া হয়েছে। এছাড়া এই হাটকে কেন্দ্র করে স্থানীয় অনেক লোকজন জীবিকা নির্বাহ করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, গত বছরের তুলনায় এ বছর গোবিন্দাসী গরু হাটে সরকারি রাজস্ব বেড়েছে। এছাড়া, হাট উন্নয়নে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ শুরু করা হয়েছে। এতে স্থানীয় ও বিভিন্ন প্রান্ত থেকে আসা গরুর ব্যবসায়ীরা সন্তোষ জানিয়েছেন।
সারাবাংলা/এমএইচ/জেএএম