Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বাতাসের গতিবেগ ১১৭ কিলোমিটার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ২০:০২ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬ ২০:০৪

-ছবি : সংগৃহীত

ঢাকা: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও উত্তর দিকে এগিয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আবহাওয়াবিদ একেএম নাজমুল হক-এর সই করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, প্রবল ঘূর্ণিঝড়টি বর্তমানে ১৫.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫.২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। আজ দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার কিলোমিটার এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত বিক্ষুব্ধ রয়েছে।

এদিকে প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর ফলে দেশের সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/এফএন/এসআর