Saturday 21 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন / আসন শূন্য হতেই মনোনয়ন যুদ্ধে বিএনপি-জামায়াত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৬ ১৬:১৫ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ১৬:১৮

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা। কোলাজ ছবি: সারাবাংলা

কিশোরগঞ্জ: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মো. ওসমান ফারুকের পদত্যাগের পর আসনটি ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। আসনটি শূন্য হওয়ায় সম্ভাব্য উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে দলের স্থানীয় নেতাদের মধ্যে শুরু হয়েছে নতুন করে তৎপরতা।

সম্ভাব্য প্রার্থীরা হলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মো. গাউস, সাবেক সহ-সভাপতি অ্যাড. জাহাঙ্গীর আলম মোল্লা, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ভিপি সুমন, জেলা যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ সুমন, তাড়াইল উপজেলা বিএনপি’র সভাপতি সারোয়ার হোসেন লিটন, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এরশাদ আহসান সোহেল। জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক অধ্যাপক ডা. কর্ণেল (অব.) জেহাদ খান, এনসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক শেখ খায়রুল কবীর , ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন তালুকদার।

বিজ্ঞাপন

ওসমান ফারুকের পদত্যাগের পরপরই সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় মনোনয়ন পেতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সমর্থন আদায় এবং সাংগঠনিক তৎপরতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন আগ্রহী নেতারা। ফলে করিমগঞ্জ ও তাড়াইলের রাজনৈতিক অঙ্গনে উপনির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচার প্রচারণা ও চালিয়ে যাচ্ছেন শোডাউন।

বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা এ আসনে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের কেউ দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ত্যাগকে মনোনয়নের যোগ্যতা হিসেবে তুলে ধরছেন, আবার কেউ গুরুত্ব দিচ্ছেন এলাকার উন্নয়ন ও জনসম্পৃক্ততাকে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ পরিস্থিতিতে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস। স্থানীয় পর্যায়ে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলীয় আন্দোলন-সংগ্রামে ভূমিকার বিষয়টি আলোচনায় আসছে। তার সমর্থকদের দাবি, করিমগঞ্জ-তাড়াইলের মূল দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বড় অংশ তাকে প্রার্থী হিসেবে দেখতে চান।

জালাল মোহাম্মদ গাউসের রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্রজীবন থেকেই। ১৯৭৭ সালে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে উথারিয়া খাল খনন প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে পরিচিত হন তিনি। ১৯৮০ সালে গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের কলেজ কমিটির ক্রীড়া সম্পাদক ছিলেন। ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল শাখা ছাত্রদলের কার্যকরী কমিটির সদস্য এবং পরবর্তী সময়ে একই হলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবনে আইন বিভাগে জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। ১৯৮৮ সালে স্বৈরাচার এরশাদ সরকারের নির্বাচন প্রতিরোধ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সদস্য পদে অংশ নেন। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় নেতৃত্ব দেন।

১৯৯১ সালে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য হওয়ার মাধ্যমে আইন পেশায় যুক্ত হন এবং একই সময়ে জেলা বিএনপির সদস্য পদ লাভ করেন। ১৯৯৯ সালে করিমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমর্থনে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৬ ও ২০১৭ সালে একই সমিতির সভাপতি নির্বাচিত হন। ২০১৭ সালে জেলা বিএনপির সহসভাপতি মনোনীত হন তিনি। প্রতিদানস্বরূপ ২০১৮ সালে কিশোরগঞ্জ-৩ আসনে সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলেন।

পরবর্তীতে দলের নির্দেশে তিনি প্রার্থীতা প্রত্যাহার করে জুটের প্রার্থীকে সমর্থন দিয়ে ওই প্রার্থীর পক্ষে কাজ করেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিএনপির নির্দেশনায় করিমগঞ্জ উপজেলায় সাংগঠনিক দায়িত্ব পালন করেন। বর্তমানে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে জিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া আলোচনায় রয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। তিন দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এই নেতা ছাত্রদলের সূচনালগ্ন থেকেই দলীয় আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে আসছেন।

জাহাঙ্গীর আলম মোল্লা কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আহ্বায়ক, জেলা যুবদলের আহ্বায়ক, করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, এবং জেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন তিনি। আগামী উপনির্বাচনেও দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে তার নাম আলোচনায় রয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তার সাংগঠনিক অভিজ্ঞতা ও দীর্ঘ রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা চলছে।

অন্যদিকে মনোনয়ন প্রত্যাশীদের আলোচনায় রয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম (ভিপি সুমন)। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক। সাইফুল ইসলাম সুমন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও সাবেক সংসদ সদস্য কবির উদ্দিন আহমেদের ছেলে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ছিলেন তিনি। তার সমর্থকরা জানায় তাদের পরিবারের সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত যে কারনে তাদের বৃদ্ধ পিতাসহ ৫ ভাইকেই আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক বার জেলে যেতে হয়েছে । তারপরও বিএনপিই করে যাচ্ছেন। সবকিছু বিবেচনায় তাকে মনোনয়ন দেওয়ার দাবী কর্মী সমর্থকদের।

এ ছাড়া আলোচনায় রয়েছেন আব্দুল্লাহ আল মাসুদ সুমন। তিনি সরকারি গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ-ছাত্রবিষয়ক সম্পাদক। বর্তমানে তিনি জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান বলেন, কিশোরগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দল তার ওপর আস্থা রেখে দায়িত্ব দিলে তিনি আবারও নির্বাচনে অংশ নেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা
করেছিলেন তিনি। সর্বশেষ নির্বাচনে বিএনপির প্রার্থী ড. ওসমান ফারুক পেয়েছিলেন ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট, জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. জেহাদ খান পেয়েছিলেন ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট । তাদের ভোটের ব্যবধান ছিল ৯ হাজার ৯৯০ ভোট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর