Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে ইউএনডিপির সঙ্গে চুক্তি সই

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১৬:২০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ১৬:২১

-ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে দেশের ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটালাইজড করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মধ্যে একটি চুক্তি সই করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ এবং ইউএনডিপির মধ্যে এ অংশীদারত্ব চুক্তি করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

চুক্তিতে বাংলাতেশ সরকারের পক্ষে  ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান এবং ইউএনডিপি’র পক্ষে সংস্থার বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস সই করেন।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকারের অর্থায়নে গৃহীত এই মেগা উদ্যোগের মূল লক্ষ্য হলো ভূমিসংক্রান্ত তথ্যের শতভাগ নির্ভুলতা নিশ্চিত করা, নাগরিকদের জন্য ভূমিসেবা সহজলভ্য করা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা দূর করা এবং সাধারণ মানুষের ভূমির মালিকানা ও অধিকার সুরক্ষা জোরদার করা। হোল্ডিং ও খতিয়ানের যাবতীয় রেকর্ড একটি সমন্বিত ও নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হলে নাগরিকেরা ঘরে বসেই অনলাইনে নির্ভুল তথ্য যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন করতে পারবেন। এর ফলে ভূমিসেবা পেতে নাগরিকদের বারবার ভূমি অফিসে যাওয়ার ভোগান্তি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ হবে।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে দেশের ভূমি ব্যবস্থাপনার চিত্র মোটেও সুখকর ছিল না। ভূমির সুষ্ঠু বণ্টন না থাকায় ভূমিদস্যুরা ছিল বেপরোয়া এবং ফড়িয়া-দালালদের দৌরাত্ম্যে খুনখারাবিসহ নানা অরাজকতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকত। যুগের পরিবর্তনের সাথে সাথে সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটতে চলেছে। আগামীর বাংলাদেশে একটি আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ইউএনডিপির সাথে সরকারের আজকের এই ঐতিহাসিক চুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভূমি মন্ত্রী।” তিনি আরও বলেন, “নির্ভেজাল ও নির্ভুল ডিজিটাল রেকর্ডই হলো টেকসই ভূমিসেবার মূল ভিত্তি। এই অংশীদারত্ব ভূমি বিরোধ নিরসন, অনিয়ম-দুর্নীতি রোধ এবং নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে মাইলফলক হয়ে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বর্তমান সরকার  দেশে একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন যে, দেশে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ প্রায় ৮০ শতাংশ মামলা-মোকদ্দমার অবসান ঘটবে।” ভূমি নিয়ে বিরোধ ও হানাহানি কারোরই কাম্য নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী তথ্যের নির্ভুলতার ওপর বিশেষ জোর দেন।

তিনি বলেন, ভূমি রেকর্ড ডিজিটালাইজেশনের ক্ষেত্রে যাচাইকৃত ও নির্ভুল তথ্য সংরক্ষণ করা সবচেয়ে জরুরি। নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এই সুফল পৌঁছে দিতে মাঠ প্রশাসন, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একটি যুগোপযোগী ও নির্ভরযোগ্য ভূমি রেকর্ড তৈরিতে আজকের এই চুক্তি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, আমাদের সাফল্যের মাপকাঠি কেবল কতগুলো রেকর্ড ডিজিটাল করা হলো তা নয়; বরং নাগরিকেরা এই ডিজিটাল রেকর্ডের ওপর কতটা আস্থা রাখতে পারছেন, সেটিই মূল বিষয়। ভূমির অধিকার সুরক্ষা এবং সমাজের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করতে কারিগরি দক্ষতা ও মান বজায় রেখে বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে ইউএনডিপি প্রতিশ্রুতিবদ্ধ।