ঢাকা: বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও কনস্যুলার সেবা সহজ করতে ঢাকায় আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়টি বিবেচনার জন্য দক্ষিণ আফ্রিকার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশে অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক আনিল সুকলাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকায় দক্ষিণ আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন প্রতিষ্ঠিত হলে দুই দেশের মধ্যে রাজনৈতিক যোগাযোগ বাড়ার পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ ও কনস্যুলার সেবা সহজ হবে। এ সময় বাংলাদেশি ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীসহ দক্ষিণ আফ্রিকা ভ্রমণে আগ্রহীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করারও আহ্বান জানান তিনি।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে উভয় পক্ষ একমত হয়।
এ সম্ভাবনা কাজে লাগাতে যৌথ বাণিজ্য ফোরাম গঠন এবং উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ ছাড়া রোহিঙ্গাদের প্রতি দক্ষিণ আফ্রিকার অব্যাহত সমর্থনের প্রশংসা করেন হুমায়ুন কবির।
মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকার ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।