Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার ও বঙ্গবন্ধুকে কটূক্তি : ঢাবি শিক্ষার্থী রিমান্ডে


১২ আগস্ট ২০১৮ ২২:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী রাফসান আহমেদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরীর এ রিমান্ডের আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি  অ্যান্ড ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুশা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে এবং বর্তমান সরকার ও জাতির জনক বঙ্গবন্ধু হত্যার ১৫ আগস্ট নিয়ে আসামি তার ফেসবুকে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করে, ‘৭৫ এর ১৫ আগস্টের প্রয়োজন আবার। নইলে যে আজীবন খেসারত দিবে এই জাতি। হায়নাই ছেয়ে গেছে প্রিয় মাতৃভূমি।’

বিজ্ঞাপন

এ ছাড়া আসামি বিভিন্ন ফেসবুক আইডিতে আজেবাজে মানহানিকর কমেন্টস করে বঙ্গবন্ধুর ছেলের জন্মদিন নিয়ে কটূক্তি করেন। আসামির ফেসবুক আইডির পাসওয়ার্ড উদ্ধার, তার অন্যকোনো ফেক ফেসবুক আইডি আছে কি না তার সঠিক নাম জানা ও পাসওয়ার্ড উদ্ধার, তার সহযোগিদের নাম-ঠিকানা জানা ও গ্রেপ্তার করাসহ ইলেক্টনিক্স ডিভাইস এবং মামলার সংশ্লিষ্ট আলামত উদ্ধারের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

সারাবাংলা/এআই/এমআই