Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুলবাড়ী ট্রাজেডির এক যুগ, বাস্তবায়ন হয়নি ৬ দফা দাবি


২৬ আগস্ট ২০১৮ ০৯:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

|| ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ||

দিনাজপুর : ফুলবাড়ী ট্র্যাজেডির এক যুগ (২৬ আগস্ট) আজ । ২০০৬ সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা ও বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে দিনাজপুর থেকে প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে জনগণ। এ সময় বিক্ষুব্ধ জনতার ওপর আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা গুলিবর্ষণ করে। এদিন ঘটনাস্থলে প্রাণ হারান আল-আমিন, তরিকুল, সালেকীন নামে তিন তরুণ। এঘটনায় আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।

ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও এখনও বাস্তবায়িত হয়নি ফুলবাড়ীবাসীর প্রাণের দাবি ছয় দফা চুক্তি।

২০০৬ সালে এশিয়া এনার্জি ফুলবাড়ী কয়লা খনি প্রকল্প থেকে ৩০ বছরে ৫’শ ৭২ মিলিয়ন টন কয়লা উত্তোলনের জন্য উন্মুক্ত পদ্ধতির সিদ্ধান্ত গ্রহন করে। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বন্ধসহ ৬ দফা দাবিতে ফুলবাড়ীবাসী লাগাতার আন্দোলন শুরু করে। আন্দোলন চলাকালীন ২৬ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারায় আমীন, সালেকিন এবং তরিকুল নামের তিন আন্দোলনকারী। আহত প্রায় তিন শতাধিক মানুষ। আহত অনেকেই আজও পঙ্গুত্ব বরন করে মানবেতর জীবন কাটাচ্ছে। স্থানীয়রা আজও ভুলতে পারেনি সেদিনের নির্মম সেই ঘটনার। ফুলবাড়ীতে এখনও চলছে শোকের মাতম ও স্বজন হারানোর বেদনা।

বিজ্ঞাপন

আন্দোলনকারী নেতা এস.এম.নূরুজ্জামান জানান, অবিলম্বে ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বলেছিন ক্ষমতায় এলে ছয় দফা বাস্তবায়ন করবেন। কিন্তু এক যুগেও ছয় দফা দাবি বাস্তবায়ন হয়নি। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করতে এখনও ষড়যন্ত্র চলছে। তাই ছয় দফা দাবি বাস্তবায়ন চাই।

দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে স্থানীয় ফুলবাড়ীবাসী ও তেল-গ্যাস-খনিজ সম্পদ বিদ্যুৎ-বন্দর জাতীয় রক্ষা কমিটি।

সারাবাংলা/এমএইচ