Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ সেপ্টেম্বর পবিত্র আশুরা


১০ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী বুধবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে হিজরি নতুন বছর ১৪৪০। সে হিসাবে আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে।

সোমবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান সভাপতিত্ব করেন।

সভায় ধর্ম সচিব জানান, সবগুলো জেলা প্রশাসন, প্রধান কার্যালয়সহ ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪০ সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে। বুধবার গণনা শুরু হবে মহররম মাস। আগামী ২১ সেপ্টেম্বর (শুক্রবার) সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা।

বিজ্ঞাপন

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, হিজরি সনের প্রথম মাস হলো মহররম। এই মাসের ১০ তারিখ পালন করা হয় আশুরা হিসেবে। এদিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি পালন করা হয়ে থাকে।

কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেনের (রা.) শাহাদাত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় আশুরা। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা অসংখ্য তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে। শিয়া সম্প্রদায় এ দিবসটিকে তাদের নিজস্ব রীতিতে পালন করে থাকে।

আশুরার (১০ মহররম) দিনটিকে বলা হয় ঘটনাবহুল দিবস। এই দিনে পৃথিবী সৃষ্টি, হজরত আইয়ুব (আ.)-এর কঠিন পীড়া থেকে মুক্তি, হজরত ঈসা (আ.)-এর আসমানে জীবিত অবস্থায় উঠে যাওয়াসহ অসংখ্য ঐতিহাসিক ঘটনার বর্ণনা পাওয়া যায়। এই দিনেই এ পৃথিবীর মহাপ্রলয় বা কিয়ামত ঘটবে বলে ইসলাম ধর্মের বহুলভাবে প্রচারিত রয়েছে।

সারাবাংলা/এমএস/টিআর