।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেড়াতে এসে নীলফামারীর দুই বন্ধু খুন হয়েছেন। তাদের মধ্যে একজনের গলাকাটা এবং আরেকজনের মরদেহ রশিতে ঝুলানো ছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সোনারগাঁওয়ের কাঁচপুরের কাজীপাড়া এলাকার একটি মেস থেকে ওই দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃতরা হলেন- নীলফামারীর ডোমার জোড়াবাড়ির এরশাদুল ইসলামের ছেলে মিনারুল (২৭) ও একই থানার কামানিয়া গ্রামের দিলু মিয়ার মজনু (৩০)।
স্থানীয়রা জানান, বুধবার রাতে দু’বন্ধু বেড়াতে আসে সোনারগাঁওয়ে সোনাপুর কলাবাগান এলাকার হাসিনা বেগমের বাড়িতে। এ বাড়িতে ভাড়া থাকেন তাদের আত্মীয় ও বন্ধু বাদশা মিয়া। নীলফামারীর রোমানিয়ার গোপনাথ গ্রাম বাদশা মিয়ার বাড়ি। সকাল ১০টায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সোনারগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) ফরিদ হোসেন জানান, বেড়াতে এসে রাতের কোনো এক সময় দু’জনের মধ্যে কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিনারুলকে হত্যার পর অনুশোচনা থেকে নিজেই আত্মহত্যা করেন মজনু। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ওই বাড়ির মালিক হাসিনা বেগম ও আত্মীয় বাদশা মিয়া।
সারাবাংলা/এমএইচ/এমএইচ