।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শ্লোগানে শুরু হচ্ছে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮। বৃহস্পতিবার (৪ অক্টোবর) থেকে শুরু হয়ে মেলা শেষ হবে শনিবার। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফানেন্স এর মাধ্যমে সারাদেশের উন্নয়ন মেলার উদ্বোধন করবেন।
বুধবার (৩ অক্টোবর) দুপুরে মেলাস্থল শের ই বাংলা নগর বাণিজ্যমেলার মাঠে এক সংবাদ সম্মেলনে উন্নয়ন মেলার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস।
মেলার তথ্য নিয়ে জেলা প্রশাসক বলেন, এবারের উন্নয়ন মেলায় মোট ৩৩০টি স্টল রয়েছে। এসব স্টলের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ২০টি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ১৯টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৬টি, কৃষি মন্ত্রণালয় ১৬টি, স্বাস্থ্য মন্ত্রণালয় ১০টি এবং যোগাযোগ মন্ত্রণালয় ৯টি স্টলে তাদের কর্মকান্ড প্রদর্শন করা হবে। চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে ৪ অক্টোবর দুপুরে ইআরডিতে বিদেশী কুটনৈতিক ও উন্নয়ন সহযোগীদের নিয়ে আয়োজন করা হয়েছে একটি সেমিনারের। পরে তারা মেলাও পরিদর্শন করবেন বলে জানানো হয়।
এছাড়াও, জাতীয় উন্নয়ন মেলার ৩দিনে ৩টি সেমিনারের আয়োজন থাকবে। মেলার প্রথম দিনে বিকাল ৫টায় ‘বঙ্গবন্ধু উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। দ্বিতীয় দিনে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ শীর্ষক সেমিনার এবং শেষ দিনে ‘শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
মেলায় বিভিন্ন জেলা বিষয়ে ব্যান্ডিং করা হবে। তুলে ধরা হবে দেশের ইতিহাস ঐতিহ্য। এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, পর্যটনকে খুবই গুরুত্ব দেয়া হচ্ছে। পর্যনের জন্য আলাদা স্টল থাকবে এছাড়াও জেলা কর্ণারেও পর্যটনের নানা তথ্য পাওয়া যাবে।
তিন দিনের মেলায় বিভিন্ন সেবা প্রদানকারি সংস্থা থেকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা পাওয়া যাবে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিআরটিএ কর্তৃক গাড়ীর রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স নবায়ন সেবা মিলবে। এছাড়াও পাসপোর্ট অধিদপ্তর মেলায় তাদের স্টল হতে সরাসরি পাসপোর্টেও আবেদন গ্রহণ ও ফ্রি নেবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০১৯ সালের হজ যাত্রীদের জন্য স্পট রেজিস্ট্রেশন করবেন। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে দেশের নানা উন্নয়ন বার্তা ছড়িয়ে দেওয়া হবে।
জেলা প্রশাসক তার বক্তব্যে ঢাকাবাসিসহ সবাইকে মেলায় আসার আহবান জানান এবং দেশের উন্নয়নে কি করে আরো এগিয়ে যাওয়া যায় তা নিয়ে নাগরিকদের সম্পর্কের মেলবন্ধন শক্ত হোক সে প্রত্যাশা করেন।
সারাবাংলা/জেজে/জেএএম