Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে পূজা, ব্যস্ত শাঁখারিবাজার


৫ অক্টোবর ২০১৮ ০৮:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আরিফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আর ১০ দিন পরই দুর্গা পূজা, মর্ত্যের মঙ্গল কামনায় দুয়ারে এসে দাঁড়াবেন দেবী। বাঙালি হিন্দুদের প্রধান এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজধানীর পুরান ঢাকার শাঁখারিবাজারে বেড়েছে ব্যস্ততা। শঙ্খ, শাঁখা থেকে শুরু করে বাদ্যযন্ত্র, মন্দির সাজানোর নানা উপকরণ বিক্রিতে পড়েছে ধুম।

বুধবার (৩ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার শাঁখারিবাজারসহ আশেপাশের এলাকায় বেচাকেনার ধুম পড়েছে। দেবী দুর্গার আগমন সামনে রেখে পূজার নানা উপকরণ কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শঙ্খ ও শাঁখা।

শাঁখারিবাজারের শঙ্খ-শাঁখার দোকানদার পরিমল চন্দ্র দাশ সারাবাংলা বলেন, ‘আমি এখানে প্রায় দীর্ঘ ১৫ বছর ধরে শঙ্খ-শাঁখা, সিঁদুর বিক্রি করে আসছি। আমার বাবাও এই ব্যবসা করেছেন। প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজায় বেচাকেনা বেড়েছে। তবে পূজার দুয়েকদিন আগে থেকে বেচাকেনার চাপ আরও বেশি হয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, সাধারণত একজোড়া শাঁখা ১২০ থেকে শুরু করে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। মান ও ডিজাইনের ওপর ভিত্তি করে এই দাম ঠিক করা হয়। আর শঙ্খের দাম শুরু ৫০০ টাকা থেকে। পূজা উপলক্ষেই শঙ্খ আর শাঁখাই সবচেয়ে বেশি বিক্রি হয়।

পূজার আগে মা দুর্গাকে মনের মতো সাজাতে কেনাকাটায় ব্যস্ত সনাতন ধর্মালম্বীরা একইসঙ্গে নিজেদের জন্য পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও কিনছেন তারা। চলতি মাসের ১৫ তারিখে শুরু হয়ে পাঁচ দিন চলবে হিন্দু ধর্মের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।

প্রতিমা তৈরির পাশাপাশি পূজাকে জাঁকজমকপূর্ণ করে তুলতে বাদ্যযন্ত্র ঠিক ও তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন ঢাক-ঢোল, কাঁশি, ও বাঁশির কারিগররা।

বাদ্যযন্ত্রের কারিগর নিতাই কুমার বলেন, ‘ঢাক-ঢোল নতুন বিক্রয় হওয়ার চেয়ে পুরাতনগুলো ঠিক করতে বেশি আসেন বাদকেরা। পূজা সামনে থাকায় কাজের চাপ অন্য মাসের চেয়ে বেড়েছে।’

সারাবাংলা/এআই/এমও