Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ বছর পর গ্রেফতার এসআই নাসির হত্যা মামলার আসামি


১১ অক্টোবর ২০১৮ ১৩:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের উপপরিদর্শক নাসির উদ্দিন হত্যা মামলার আসামি বিল্লাল (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (১০ অক্টোবর) সকালে উপজেলার পূর্বকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিল্লাল ওই এলাকারই বাসিন্দা।

আড়াইহাজার থানার সহকারী উপপরিদর্শক শফিউল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বিল্লাল দীর্ঘদিন থেকে পলাতক ছিলো। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

২০১১ সালের ১৭ জুন দিনগত রাত ২টার দিকে আড়াইহাজার উপজেলার দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া কদমীর চর এলাকায় আসামি ধরতে বিশেষ অভিযানে যান এসআই আহসানউল্লাহর নেতৃত্বে এসআই নাসির সিরাজী, রফিকুল ইসলামসহ কয়েকজন কনস্টেবল। অভিযানে পুলিশ কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী একেএম ফাইজুল ইসলাম ডালিমের সমর্থক চারজনকে একটি হত্যা মামলায় গ্রেফতার করে। সেখান থেকে আসামি নিয়ে ট্রলারযোগে ফেরার পথে মেঘনা নদীর কালাপাহাড়িয়া এলাকায় আসমিপক্ষের ৪০-৫০ জন লোক ইটপাটকেল, বল্লম, দা ও লাঠিসোটা নিয়ে বালুবাহী বাল্কহেড থেকে পুলিশের ওপর হামলা চালায় এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় এসআই রফিকুল ইসলাম ও আহসানসহ চার পুলিশ সদস্য আহত হন। পানিতে পড়ে নিখোঁজ জন এসআই নাসির। ৩৪ ঘণ্টা পর খাগকান্দা ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া মেঘনা নদীর তীর থেকে এসআই নাসির সিরাজীর উদ্ধার করা হয় লাশ।

বিজ্ঞাপন

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আহসানউল্লাহ বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সে সময় নিহত নাসির সিরাজীর স্ত্রী কোহিনূর সিরাজী, ছোট ছেলে ফয়সাল সিরাজী ও এক মাত্র মেয়ে নাহিদা সুলতানা দাবি করেছিল এসআই নাসির সিরাজীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।