মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর
মাঘের আজ ১১ তারিখ। আবহাওয়া অধিদপ্তর বলছে সে আসবে সে আসবে কিন্তু তার কোনো খোঁজ নেই। মাসের শুরুতেই কথা ছিল তারা তিনজন আসবে। আমরাও সুবোধ বালকের মতো লেপ, কম্বল, জামা, জ্যাকেট নিয়ে রেডি ওমনি দুম করে তিনারা টাটা বাই বাই দিয়ে চলে গেলেন।
অবস্থাটা এমন যে এখন তিনাদের নাম নিতেও ভয় হয়, মাসের শুরুতেই যে কাঁপুনিটা দিয়ে গেলো না!
তো তার অপেক্ষায় অপেক্ষায় আমরা যখন বেশ রেডি একদিন কুয়াশা হয়। ভাবি এ বুঝি তিনি এলেন। তা না আবার গিয়ে মেঘ হয়। তাও তিনি আসেন না। অবশেষে তিনি কাল আসবেন কি না এই বিষয়ে কোনো সঠিক বার্তা পাওয়া যাচ্ছে না। তবে দেশের কিছু এলাকা যেমন রাজশাহী, পাবনা, দিনাজপুর, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গায় তিনি মৃদুভাবে আছেন।
ঢাকায় তার কোনো খোঁজ নেই সে তো আগেই বললাম, তবে আমার বলার দরকার কী, ঢাকার মানুষ দিব্যি জানেন তিনি যে, আসি আসি বলে ফাঁকি দিচ্ছেন। এদিকে সুযোগ বুঝে ঢাকার আবহাওয়া একটু একটু করে গরম হচ্ছে, আজ যেমন সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় যখন আমরা বসন্ত ঘেঁষা শীত কাটাচ্ছি তখন উত্তরাঞ্চলে নাকি মৃদু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে! কে জানে শীতের কী খেয়াল! এখন আবার বর্ষাকেও টেনে এনেছে।
অন্য কোনো জেলায় অবশ্য বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সারা দেশ জুড়ে আজ মেঘের পরিমাণ ৩১ শতাংশ। তবে দিনটা মূল শুষ্ক, ৪৪ শতাংশেও নেমে যেতে পারে। হাত বাড়িয়ে দ্রুতে খুঁজে বের করেন আপনার ক্রিমটা কোথায়, ছোট পমেটের কৌটাটা অফিসের ব্যাগে আছে তো? মুখ-টুখ ধোয়া পরলে কিন্তু একদম খালি হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা, মোজা পরার আগে মনে করে গোড়ালিতে একটু গ্লিসারিন মেখে নিয়েন।
বাতাসের বেগ ইদানীং কিছু কম আছে, ৫ থেকে ৭ কিলোমিটার প্রতি ঘণ্টায়। তবে ঐ যে পাজি অতিবেগুনী রশ্মি সে কিন্তু ভরপুর আছে। সানস্ক্রিন ভুলেন না।
শীতের প্রকোপ যেহেতু একটু কম সাধারণ গরম কাপড় যথেষ্ট। তবে রাতের দিকে যারা বাড়ি ফিরেন অথবা ছোট বাচ্চারা যারা নিতান্তই ছোট তাদের বিষয়ে সচেতন হতে হবে। বাড়ির বৃদ্ধরা যারা শীতে কাবু আছে তাদেরও যত্ন নিন। তারাই তো আমাদের জীবনে সবচেয়ে বড় সহায়।
আজকে সূর্য উঠেছে, সকাল ৬টা ৪২ এ আর ডুবে যাবে বিকাল ৫টা ৩৮এ। আকাশ যদি মেঘমুক্ত থাকে আর কুয়াশা যদি খুব ঘন না হয় তাহলে সন্ধ্যার পরে পশ্চিম আকাশে তাকালেই একটা বাঁকা চাঁদকে হাসতে দেখা যাবে। শুক্লপক্ষ চলছে যে!
দিনটি আজ খুব ভালো কাটুক।
সারাবাংলার পক্ষ থেকে সারাদিন এবং সারা রাতের জন্য শুভ কামনা রইলো।
শুভ সকাল!
সারাবাংলা/এমএ