ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
নারায়ণগঞ্জ : রূপগঞ্জে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সমর্থিত প্রার্থীরা এতে বিজয়ী হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি আফিসার মো. মুরাদুল হাসান।
সোমবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় দুপুর ২টায়।
রূপগঞ্জ উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বাররা এ ভোটে অংশগ্রহণ করেন।
এ সময় মহিলা সংরক্ষিত ১ নং আসনে লাভলি আক্তার, সংরক্ষিত মহিলা ২নং আসনে কোহিনুর আক্তার রানু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ ছাড়া সংরক্ষিত মহিলা ৩নং আসনে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে শাহিনা আক্তার বৃষ্টি (চাঁদ প্রতীক) ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকসুদা আক্তার (মোরগ প্রতীক) পেয়েছেন ৮ ভোট।
বিজয়ী প্রার্থী শাহিনা আক্তারও গোলাম দস্তগীর গাজী সমর্থিত প্রার্থী।
সারাবাংলা/এআরএইচ/একে