ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
সিলেট: সিলেট থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় হযরত শাহজালালের (র) মাজার জিয়ারতের মাধ্যমে তিনি এ প্রচারণা শুরু করেন।
এরশাদ বলেন ‘সংবিধানের মাধ্যমে নির্বাচন হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করি না। কোনো তত্ত্বাবধায়ক সরকার আমাদের উপর সুবিচার করেনি। এ কারণে আমরা সংবিধানের মাধ্যমে নির্বাচন করতে চাই। সংবিধানে যেভাবে লিখা আছে সেভাবে আমরা নির্বাচন করতে চাই। এর বাইরে আমরা নির্বাচন করতে চাই না।’
জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমরা নির্বাচনে বিশ্বাস করি। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না। আমরা সব সময় নির্বাচন করেছি। আমি জেলখানায় ছিলাম ৬ বছর। সেখান থেকেও দুটি নির্বাচন করেছি।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর মাজার থেকে সার্কিট হাউসে যান এরশাদ। সেখানে সিলেট জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য তিনি দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন।
এ সময় এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন- বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার, সাবেক মন্ত্রী ও কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, বিরোধী দলীয় চিফ হুইপ, তাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতি, প্রেসিডিয়াম সদস্য শফিকুল আলম সেন্টু, প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সালাউদ্দিন মুক্তি এমপি, প্রেসিডিয়াম সদস্য আকিুর রহমান আতিক, প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান, বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি, সিলেট-২ আসনের এমপি ইয়াহহিয়া চৌধুরী এহিয়া, সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর ফজলুর রহমান প্রমুখ।
সারাবাংলা/এমএইচ/ টিএম