Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশকে নিরক্ষরমুক্ত করার বিকল্প নেই: গোলাম দস্তগীর গাজী


১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিরক্ষরমুক্ত করতে কাজ করে যাচ্ছেন। তাই বর্তমান সরকারের আমলে দেশে শিক্ষার হার বেড়ে গেছে।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এদিন সকালে রূপগঞ্জ উপজেলার রূপসী নিউমডেল স্কুল অ্যান্ড কলেজ, ভুলতা স্কুল অ্যান্ড কলেজ, গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়, হাজী আয়েত আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়, মুড়াপাড়া পাইলট হাই স্কুল, সহিতুন নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মর্তুজাবাদ মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন গোলাম দস্তগীর গাজী।

বিজ্ঞাপন

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে দেশ নিরক্ষরমুক্ত করার বিকল্প নেই বলেও জানান গোলাম দস্তগীর গাজী। এ সময় তিনি বর্তমান সরকারের আমলে দেশ শিক্ষা ক্ষেত্রে এগিয়ে গেছে বলেও জানান।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায় রূপগঞ্জ উপজেলায় ১৩টি কেন্দ্রে মোট ৫ হাজার ৪০৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ছাত্র সংখ্যা ২ হাজার ৫১১ জন ও ছাত্রী সংখ্যা ২ হাজার ৮৯২ জন। পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে।

এদিকে, গতকাল বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মর্তুজাবাদ মাদ্রাসা মাঠে সন্ত্রাসীদের হাতে নিহত যুবলীগ কর্মী জাকির হোসেনের জানাজায় অংশ নেন গোলাম দস্তগীর গাজী এমপি।

জানাজায় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মকবুল হোসেন, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা।

সারাবাংলা/এসএস