Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্বতীপুর-কাউনিয়া ডুয়ালগেজ লাইন নির্মাণে সহায়তা দিচ্ছে ভারত


৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:২৯ | আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৭:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

জোসনা জামান,স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: মিটারগেজ রেলওয়ে লাইনকে ডুয়ালগেজে রূপান্তর করতে সহায়তা দিচ্ছে ভারত। পার্বতীপুর থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত রেল লাইনকে ডুয়ালগেজে উন্নীত করা হচ্ছে। এজন্য মোট ব্যয় হবে ১ হাজার ৬৮৩ কোটি টাকা। এর মধ্যে ভারতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) এর ঋণ থেকে ১ হাজার ৩৭৬ কোটি ২৪ লাখ টাকা এবং সরকারের নিজস্ব তহবিল থেকে ৩১৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় করা হবে। রেলপথ মন্ত্রণালয়ের নেয়া এ উদ্যোগটি বাস্তবায়িত হলে ৫৭ কিলোমিটার মেইন লাইন এবং ৯ দশমিক ৮৫ কিলোমিটার লুপ লাইন মিটারগেজ থেকে ডুয়ালগেজে রূপান্তর ঘটবে। ফলে বিরল সীমান্তের মাধ্যমে আন্তঃদেশীয় রেল যোগাযোগ স্থাপিত হবে বলে আশা করছেন সংশ্লিস্টরা। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। পরবর্তীতে গত বছরের ৩০ জুলাই প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সুপারিশ বাস্তবায়ন করায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় অনুমোদনর জন্য উপস্থাপন করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। অনুমোদন পেলে চলতি মাস থেকে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।

এ প্রসঙ্গে একনেকের জন্য তৈরি করা কার্যপত্রে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য জুয়েনা আজিজ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পার্বতীপুর হতে কাউনিয়া পর্যন্ত ডুয়ালগেজ রেল লাইন স্থাপন করা হলে ভারত ও বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আধুনিক ও নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করার পাশাপাশি উন্নত যাত্রী সেবা প্রদান করা সম্ভব হবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় রেল যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হচ্ছে। রোহানপুর-সিঙ্গাবাদ ব্রডগেজ রেলওয়ে লিংক এবং রাধিকাপুর-বিরল ব্রডগেজ রেলওয়ে লিংক করিডোর দুটির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে ভারতসহ নেপাল ও ভুটানের সঙ্গে রেলওয়ে ট্রানজিট স্থাপন করতে পারবে। চিলাহাটি হতে পার্বতীপুর হয়ে ঈশ্বরদী পর্যন্ত সেকশনটি ব্রডগেজ। কিন্তু পার্বতীপুর থেকে রাধিকাপুর এবং পার্বতীপুর থেকে কাউনিয়া পর্যন্ত সেকশনটি মিটারগেজ। এ বস্থায় বিরল সীমান্ত দিয়ে ব্রডগেজ লাইনের মাধ্যমে আন্তঃদেশীয় রেল যোগাযোগ স্থাপন সম্ভব হচ্ছে না। এজন্য ‘বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুর হতে কাউনিয়া পর্যন্ত মিটারগেজ রেল লাইনকে ডুয়েলগেজে রূপান্তর’ নামের প্রকল্পটি হাতে নেয়া হচ্ছে।

প্রকল্পের প্রস্তাবনায় বলা হয়েছে, পার্বতীপুর-কাউনিয়া সেকশনটি ডুয়ালগেজে রূপান্তর হলে যাত্রী, মালামাল পরিবহন ও ট্রান্সবর্ডার রেলওয়ে ট্রাফিক সুযোগ সৃষ্টির পাশাপাশি উক্ত সেকশন বাংলাদেশ রেলের ব্রডগেজ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। পার্বতীপুর-কাউনিয়া সেকশনটি প্রধান রেল লাইন, যা রংপুর বিভাগীয় সদর দপ্তরকে সংযুক্ত করেছে। বিদ্যমান সেকশনটি ১৯৮৭ সাল হতে ১৯৯২ সাল পর্যন্ত একটি প্রকল্পের মাধ্যমে পুর্নবাসন করা হয়েছিল। বর্তমানে এ সেকশনটির স্লিপারের মেয়াদ উত্তীর্ণসহ অন্যান্য অবকাঠামো উপকরণ জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে ওই সেকশন দিয়ে ইন্টারসিটি ট্রেনসহ অন্যান্য ট্রেন যথাযথ গতিতে চলতে পারছে না। এ সেকশনটিতে ডুয়ালগেজ রেললাইনে রূপান্তরিত হলে একই সঙ্গে মিটারগেজ ও ডুয়েলগেজ ট্রেন চলাচল করতে পারবে। ফলে সেকশনাল ক্যাপাসিটি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সহজ হবে। এছাড়া বৃদ্ধি বাড়বে আন্তঃসীমান্ত বাণিজ্যও। প্রস্তাবিত প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রম হচ্ছে, পরামর্শক সেবা গ্রহণ, ৬৬ দশমিক ৮৫ কিলোমিটার রেলওয়ে ট্র্যাক নির্মাণ,৬০২ মিটার ব্রিজ নির্মাণ এবং সিগন্যালিং সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে।

সারাবাংলা/জেজে/এসআই