Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে ধর্ষণ মামলায় ২ প্রকৌশলীর রিমান্ড


১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর অভিজাত বনানী এলাকার হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই প্রকৌশলী আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন, রাজিব আহম্মেদ(২৮) এবং রুবেল হোসেন জয় (২৭)।

রোববার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। আসামি রাজিব সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার দারিয়াপুরের আনোয়ার হোসেনের ছেলে। রুবেল বরিশালের মুলাদী উপজেলার চর ডিক্রি গ্রামের আমির হোসেন ওরফে আজমির ডাক্তারের ছেলে।

ওই ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বোরহান উদ্দিন আসামিদের আদালতে হাজির করে ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে মামলার কেস ডকেট (সিডি) না থাকায় ওইদিন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব আসামিদের কারগারে পাঠিয়ে ৭ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছিলেন।

বিজ্ঞাপন

গত ৭ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার আদালতে একাধিক আইনজীবী ওকালতনামা জমা দেওয়ায় কোন আইনজীবী শুনানি করবেন তা নিষ্পত্তির জন্য ঢাকা বারে পাঠানো হয়। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামি ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিরাশ উদ্দিন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

এদিন আসামিপক্ষে শরীফ হোসেন সুমন রিমান্ড বাতিল চেয়ে জামিন চান। শুনানিতে তিনি বলেন, আসামিরা নির্দোষ, নিরাপরাধ। বাদী তার প্রকৃত পরিচয় গোপন করে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করতে মামলা করেছেন। তারা রবি টেলিকমে কর্মরত আছেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে গত ৩ ফেব্রুয়ারি এক নারীকে বনানীর দি স্টার প্যালেস গেস্ট হাউজে এনে রাতভর আটকে রেখে গণধর্ষণ করা হয়। ওই ঘটনায় পরের দিন রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

সারাবাংলা/এআই/এমএইচ/এনএস