Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজরুল ইনস্টিটিউট বিল পাস


১২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৪৩ | আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৭:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সামরিক সরকারের আমলে ১৯৮৪ সালে জারিকৃত নজরুল ইনস্টিটিউট অর্ডিন্যান্স বাতিল করে জাতীয় সংসদে কবি নজরুল ইনস্টিটিউট বিল-২০১৮ সংশোধিত আকারে পাস করা হয়েছে। সোমবার জাতীয় সংসদে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলে বিদ্যমান আইনে প্রতিষ্ঠিত নজরুল ইনস্টিটিউট বহাল রাখার বিধান করা হয়। ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ঢাকা এবং প্রয়োজনবোধে সরকারের পূর্বানুমোদনক্রমে দেশের যেকোনো স্থানে এর শাখা কার্যালয় স্থাপন করার বিধানের প্রস্তাব করা হয়।

বিলে একজন স্বনামধন্য নজরুল বিশেষজ্ঞ বা গবেষককে  চেয়ারম্যান করে ৯ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড গঠনের বিধান করা হয়। এ ছাড়া বিলে বোর্ডের কার্যাবলী, বোর্ডের সভা, নির্বাহী পরিচালক নিয়োগ, কর্মচারী নিয়োগ, ক্ষমতা অর্পণ, ইনস্টিটিউটের তহবিল, বাজেট, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, বার্ষিক প্রতিবেদন, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির ফখরুল ইমাম, নূরুল ইসলাম ওমর, নূরুল ইসলাম মিলন ও নূর-ই- হাসনা লিলি চৌধুরী বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে ৪টি সংশোধনী গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিলের কারণ ও উদ্দেশ্যে সংবলিত বিবৃতিতে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন নজরুল ইনস্টিটিউট একটি সংবিধিবদ্ধ সংস্থা। জাতীয় কবি নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতিমূলক সৃষ্টিকর্ম সংগ্রহ, সংরক্ষণ, প্রকাশ, প্রচারের লক্ষ্যে ’নজরুল ইনস্টিটিউট অধ্যাদেশ’, ১৯৮৪ অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয়।

গত ২০১৩ সালেল ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সামরিক শাসনামলে জারিকৃত অধ্যাদেশসমূহের আবশ্যকতা পর্যালোচনা করে সংশোধন বা পরিমার্জনক্রমে নতুন আইন প্রণয়নের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অর্ডিন্যান্সটি রহিতক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পুনর্গঠন করে নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮ প্রণয়ন করা বিশেষ প্রয়োজন।

সারাবাংলা/এমএস/আইজেকে