ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
সাভার: সাভারে পরীক্ষা কেন্দ্রে নকল ধরা পড়ায় এক ছাত্রী দোতলা ভবনের বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে সাভারের অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের এক পরীক্ষার্থী স্থানীয় অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিচ্ছিল। ওই ছাত্রী বাড়ি থেকে বাম হাতে নকল নিয়ে পরীক্ষায় লেখা শুরু করে। এসময় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রের প্রতিনিধি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন নকল করার বিষয়টি টের পেয়ে ওই ছাত্রীর খাতা নিয়ে নেন এবং তাকে বহিষ্কার করেন। পরে ওই ছাত্রী স্কুলের দোতলা বারান্দা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ বলেন,উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রের প্রতিনিধি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন ওই ছাত্রী নকল করায় তাকে বহিষ্কার করে। নকল ধরা পড়ায় লজ্জায় ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে। এক্সফেল হওয়ায় সে আর পরীক্ষা দিতে পারবে না।
সারাবাংলা/ এমএইচ