ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থেমে নেই পাহাড় কাটা এবং ‘পাহাড় কেটে উজাড় করছে প্রভাবশালীমহল’ শিরোনামে সারাবাংলায় দুটি সংবাদ প্রকাশের পর প্রভাবশালীদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। অপরাধীদের গ্রেফতারেরও চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
মামলার আসামিরা হলেন, বিষামনি এলাকার মনির মিয়া, ডলুছড়া এলাকার লন্ডন প্রবাসী খাদেমুল ইসলাম ও মির্জাপুর এলাকার লুৎফর রহমান। এছাড়াও এলকার আরো ছয়জনের নাম রয়েছে।
এ বিষয়ে নির্বাহী মেজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশেকুল হক সারাবাংলাকে জানান,সারাবাংলার নিউজটি আমার এবং আমার ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে পড়েছে। তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উপর মহল থেকে নির্দেশ এসেছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোবাশশেরুল ইসলাম স্যারকে নিয়ে স্পট পরিদর্শন করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে। ইতোমধ্যে তিনটি স্পটে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও মামলার প্রস্তুতি চলছে। পুলিশ কাজ করছে যেকোনো মুহূর্তে তাদের গ্রেফতার করা হবে। পাহাড় কেটে যারা পরিবেশ ধ্বংস করছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।
সারাবাংলা/ এমএইচ