ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দীঘিনালা উপজেলা ইউপিডিএফ ইউনিটের সদস্য সাইন চাকমা নিহত এবং তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। উপজেলা ইউপিডিএফ সংগঠক কালো প্রিয় চাকমা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘আজ (২১ফেব্রুয়ারি) সকাল সোয়া নয়টার দিকে লান কুমার ত্রিপুরার নেতৃত্বে ৭ জনের একটি সশস্ত্র দল জামতলির ছাত্রাবাস এলাকায় একটি বাড়িতে হামলায় চালায়। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর পোশাক ও সবুজ রঙের পোশাক পরিহিত ছিল। তাদের এলোপাথারি গুলিতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সাইন চাকমা ওরফে সুপার (২৩) নিহত হন। এছাড়া অনিল ত্রিপুরা (৪০), মিলন ত্রিপুরা (২৮) ও রুবেল চাকমা (২৬) আহত হন। তাদের মধ্যে অনিল ত্রিপুরার অবস্থা আশঙ্কাজনক।’
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাটি শুনেছেন এবং মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
গত ৩রা জানুয়ারী ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা এবং গত ১৭ ফেব্রুয়ারী রাঙাপানিছড়া এলাকায় ইউপিডিএফ সদস্য দিলীপ কুমার চাকমা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
সারাবাংলা/টিএম