স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম: বিজ্ঞান বিষয়ক লেখক, শিক্ষাবিদ, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। সমাবেশ থেকে জামায়াত-শিবিরের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ এবং জাফর ইকবালের ওপর হামলাকারী এবং মুক্তচিন্তায় বিশ্বাসী সব লেখক হত্যার বিচারের দাবি জানানো হয়েছে।
সোমবার (০৫ মার্চ) সন্ধ্যায় নগরীর চেরাগি চত্বর থেকে মশাল মিছিল বের হয়ে আন্দরকিল্লা, লালদীঘি ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দন দাশ।
এর আগে চেরাগি চত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে জাফর ইকবালের ওপর হামলার প্রেক্ষাপটে গণজাগরণ মঞ্চের দুই দফা দাবি তুলে ধরেন সমন্বয়কারী শরীফ চৌহান।
সমাবেশে কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল বলেন, জাফর ইকবালের লক্ষ লক্ষ ভক্ত আছেন। তরুণদের কাছে তিনি আদর্শের বাতিঘর। তার ওপর হামলায় এই লক্ষ লক্ষ তরুণ মাঠে নামেনি কেন! যে তরুণ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাবছে আমি নিরাপদ, তার দিকেও এগিয়ে আসছে জাফর ইকবালের ওপর হামলাকারীরা। যে শিক্ষক, যে কবি, যে সাংবাদিক ঘরে বসে আছেন আর ভাবছেন তিনি নিরাপদ, আসলে তারাও নিরাপদ নন। তাদের আক্রান্ত হওয়ার সময়ও ঘনিয়ে আসছে। বাঁচতে চাইলে এই সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতির পথে এগিয়ে নিতে হবে। সেই সংগ্রামে শামিল হতে হবে।

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশগুপ্তা বলেন, জাফর ইকবালের ওপর হামলা আমাকে যতটা না বিচলিত করেছে, তার চেয়ে আমি বেশি বিচলিত হই যখন তরুণ সমাজ-যুব সমাজ প্রতিবাদ কর্মসূচিতে আসে না। এ দেশের প্রতিবাদী যুবসমাজ আজ কোথায়! এজন্য আমরা অভিভাবকরা, শিক্ষক সমাজ এবং আমাদের শিক্ষানীতি দায়ী। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে শিক্ষাকে সাম্প্রদায়িক করে ফেলা হয়েছে। এমনকি বর্তমান সরকারও শিক্ষানীতি নিয়ে মৌলবাদি গোষ্ঠীর কাছে নতজানু হয়েছে।
আবৃত্তিশিল্পী রাশেদ হাসান বলেন, জাফর ইকবাল বাঙালি জাতির বিবেক। তিনি মুক্তিযুদ্ধের চেতনা আর লক্ষ কোটি তরুণের আদর্শের বাতিঘর। তার ওপর হামলা মানে মুক্তিযুদ্ধের চেতনার ওপর হামলা। বাঙালি জাতিসত্তার ওপর আঘাত। জাফর ইকবালের ওপর আঘাত বাঙালি জাতি কোনোদিন মেনে নেবে না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি আশীষ সেন, শিক্ষক নেতা আমির হোসেন এবং সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ।
সমাবেশে মুক্তিযোদ্ধা কাজী নূরুল আবছার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সিপিবি নেতা অধ্যাপক কানাই দাশ, ন্যাপ নেতা মিটুল দাশ গুপ্ত, যুবলীগ নেতা সনৎ বড়ুয়া, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি সুনীল ধর ও সহ-সাধারণ সম্পাদক জয় সেন এবং জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিক রিয়াদ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আরডি/এটি