Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআরবিসির ব্যাংকের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ


১০ ডিসেম্বর ২০১৭ ২২:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেশাল করেসপন্ডেন্ট

ঋণ ও জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযোগে অবশেষে পদত্যাগ করেছেন এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাছত আলী ও ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমান। নির্ভরযোগ্য সূত্র বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

রোববার (১০ ডিসেম্বর) ব্যাংকটির পরিচালনা পর্ষদের জরুবি সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় ব্যাংকটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন— তমাল এসএম পারভেজ, ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন— কাজী মো. তালহা।

তবে অন্য একটি সূত্র জানিয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এবং পরিচালনা পর্ষদের অন্যান্য কমিটির প্রধানরাও পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

ওই সূত্রটি আরও জানিয়েছে, ওইসব কমিটিতে নতুন করে নির্বাচন করা হয়েছে।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে তৌফিক রহমান চৌধুরী পদত্যাগ করলে ওই পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহীদ ইসলাম। নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু বকর চৌধুরী। ওই পদে ছিলেন মোহাম্মদ মঞ্জরুল ইসলাম। নুরুন নবী অডিট কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় সেখানে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম মিয়া আরজু। এ ছাড়া রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন আদনান ইমাম। ওই পদে ছিলেন সৈয়দ মুন্সেফ আলী। এমডির দেওয়ান মুজিবুর রহমানের ছুটি কার্যকর হলে সেখানে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী মো. তালহা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ বাংকের এক তদন্ত প্রতিবেদনে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের পরিচালনার শীর্ষ ব্যক্তিদের দুর্নীতি ও অনিয়মের চিত্র উঠে আসে।

এতে বলা হয়, ব্যাংকটিতে সংকট সৃষ্টি হয়েছে মূলত শীর্ষ ব্যক্তিদের দুর্নীতি ও অদক্ষতার কারণে। এ ছাড়াও ব্যাংকটির অনিয়মের বিষয়ে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়। স্থায়ী কমিটি সভায় চলতি ডিসেম্বর মাসের মধ্যে ব্যাংকের ঋণ জালিয়াতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ এবং পরিচালনা পর্ষদ পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়। এই অবস্থায় রোববার বিকালে রাজধানীর গুলশানে ব্যাংকটির দীর্ঘদিনের চলমান সংকট নিয়ে আলোচনা করার জন্য এক জরুরি সভা ডাকা হয় ।

এর আগে গত ৬ ডিসেম্বর এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের এমডি দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার পরদিন এমডির অপসারণাদেশ স্থগিত করেন হাইকোর্ট। এই অবস্থার মধ্যেই  এমডির অপসারণ সংক্রান্ত বিষয়ে করণীয় নির্ধারণে জরুরি বোর্ড সভা ডাকা হয়।

এর আগে শনিবার রাজধানীর একটি হোটেল আলোচনায় বসেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা। ওই আলোচনায় পুনর্গঠন বিষয়ে সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় আজ ব্যাংকটির পরিচালনা পর্ষদ পূনর্গঠন করা হয।

গত ৯ মাসের প্রক্রিয়া শেষে ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় গভর্নরের অনুমোদনের পর দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক। চিঠিতে আরও বলা হয়, আগামী ২ বছর কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি পদে দেওয়ান মুজিবুর রহমান যোগদান করতে পারবেন না।

তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, তিনি অনেক বোর্ড সভায় পরিচালকদের অনুপস্থিতিতে বিধি বহির্ভূতভাবে ঋণ অনুমোদন করছেন।

সারাবাংলা/জিএম/আইজেকে