।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
মাদারীপুর: ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে মোবাইল ফোনে প্রতারণার অভিযোগে ‘ওয়েলকাম পার্টির’ এক সদস্যকে আটক করেছে র্যাব-৮। তার স্বীকারোক্তিতে মাদকদ্রব্য, একাধিক মোবাইল ও সিমকার্ড, পাসপোর্ট এবং নগদ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ মার্চ) রাতে ফরিদপুর উপজেলার মিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রতারক ও আলামত জব্দ করা হয়। আটক এবাদত আলী (২৭) একই এলাকার মোজাম মাতুব্বরের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, বিভিন্ন ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে মোবাইলে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রামে অভিযান চালায় র্যাব-৮। এ সময় প্রতারক চক্রের সদস্য এবাদাতকে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৭৫ পিস ইয়াবা, ৩২ বোতল ফেনসিডিল, ১৬ রোল গাঁজা, ৪৬টি মোবাইল, ২৫টি সিমকার্ড, ৬০টি গ্যাস লাইট, ১টি পাসপোর্ট ও নগদ এক লাখ ৩ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ওই প্রতারকের বিরুদ্ধে ভাঙ্গা থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে এই প্রতারক চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানিয়েছে র্যাব।
সারাবাংলা/ এমএইচ