Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসাম থেকে বেরিয়ে আসতে চায় কামতাপুর, অবরোধে অচল কোকরাঝাড়


৩১ মার্চ ২০১৮ ১৫:৪৯ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৮:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। শুভজিৎ পুততুন্ড ।।

কলকাতা থেকে : ভারতের আসাম রাজ্য থেকে বেরিয়ে আলাদা রাজ্য গঠন করতে চায় কামতাপুরের জনগণ। তাদের অভিযোগ রাজ্য সরকার কামতাপুর এলাকায় কোনো উন্নয়ন করেনি। এ জন্য আলাদা রাজ্য গঠনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন কামতাপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো।

শুক্রবার থেকে আলাদা রাজ্য গঠনের দাবিতে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে কোকরাঝাড় রেল স্টেশন এলাকায়। রাতভর আরও বিক্ষোভকারী সেখানে জড়ো হতে থাকেন। ওই কর্মসূচিতে ট্রেন যোগাযোগ বিঘ্নিত হয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় শনিবার (৩১ মার্চ) সকাল থেকেই কোকরাঝাড় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছে অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়নের (এসিআরএসইউ) নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

চলমান বিক্ষোভে আসামের সঙ্গে বাংলা ও উত্তর-পূর্ব সীমান্তের রাজ্যগুলোর মধ্যে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে একাধিক দূরপাল্লার ট্রেন। ফকিরাগ্রাম স্টেশনে আপ ত্রিবান্দ্রম এক্সপ্রেস, কামাখ্যাগুড়ি স্টেশনে আপ দাদর এক্সপ্রেস, নিউ কোচবিহারে আপ রাজধানী এক্সপ্রেস ও ফালাকাটা স্টেশনে আপ কামরূপ এক্সপ্রেস শিডিউল অনুযায়ী ছাড়তে পারেনি। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন রেলওয়ে সুত্র জানায়, কোকরাঝাড় স্টেশন অবরোধ করায়  প্রাথমিকভাবে ৬টি ও পরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে।

পৃথক রাজ্য গঠনের দাবিতে আগেই রেল অবরোধের ডাক দিয়েছিল এসিআরএসইউ। ফলে কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেস, ধুবড়ি প্যাসেঞ্জারসহ একাধিক ট্রেন চলাচল আগে থেকেই বন্ধ করে দেয় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে।

একই দাবিতে গত ২২মার্চ কোকরাঝাড়ে ট্রাক অবরোধ করে বিক্ষোভ করে কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, আসাম রাজ্যের কামতাপুরের জেলাগুলো সব সময় অবহেলিত।  রাজ্যে যে উন্নয়ন প্রয়োজন তা হচ্ছে না।  এই এলাকার ৮ জেলার মানুষের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আলাদাভাবে কামতাপুর রাজ্য গঠন অপরিহার্য বলে মনে করেন তারা।

সারাবাংলা/আইএ/একে

বিজ্ঞাপন

আরো