।। আন্তর্জাতিক ডেস্ক ।।
পাঁচ কোটি নয়; ৮ কোটি ৭০ লাখেরও বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরি করেছে ক্যামব্রিজ অ্যানালিটিকা। ফেসবুক কর্তৃপক্ষই এমন তথ্য দিয়েছে।
এর আগে ৫ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁসের খবর এসেছিল। যার তুলনায় এবারের সংখ্যাটা অনেক বেশি। এদের মধ্যে প্রায় ১১ লাখ অ্যাকাউন্ট যুক্তরাজ্য ভিত্তিক।
বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এসব তথ্য জানিয়েছে।
বিবিসি বলছে, এই কেলেঙ্কারি ফাঁস করে দেওয়া ক্রিস্টোফার ওয়াইলির বরাত দিয়ে এর আগে বলা হয়েছিল, প্রায় ৫ কোটি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্ক্রফারের ব্লগে প্রকাশ করার পর নতুন এই তথ্য উঠে আসে।

‘দিস ইজ ইওর ডিজিটাল লাইফ’ নামের একটি কুইজ অ্যাপের মাধ্যমে এই তথ্য ফাঁস সম্ভব হয়েছে। ফেসবুক ধারণা করছে ৩ লাখেরও বেশি মানুষ এই অ্যাপটি ব্যবহার করেছেন। আগে বলা হয়েছিল এই সংখ্যা ২ লাখ ৭০ হাজার। অ্যাপ ব্যবহারকারীদের প্রায় ৯৭ শতাংশ যুক্তরাষ্ট্রে বসবাসকারী। মোট ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ১ কোটি ৬০ লাখ যুক্তরাষ্ট্রের বাইরের।
এই কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। কর্তৃপক্ষ জানতো যে ক্যামব্রিজ অ্যানালিটিকা লক্ষাধিক ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিয়ে কাজ করছে। কিন্তু লন্ডনভিত্তিক সংস্থাটি সেসময় দাবি করে, তারা সেসব তথ্য মুছে দিয়েছে। এই বক্তব্যের উপর বিশ্বাস করে ফেসবুক।

এক সংবাদ সম্মেলনে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, এটা পরিষ্কার যে, এ ব্যাপারে আমাদের শক্ত পদক্ষেপ নিতে হবে এবং সম্মানের দিকে অগ্রসর হতে হবে। আমি ব্যবহারকারীদের বলতে চাই, তারা যেন এটি ব্যবহারের বিষয়ে আরও সতর্ক থাকেন। বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে যে টুলসগুলো রয়েছে তা কিভাবে ব্যবহার করতে হয় তা জেনে নিতে হবে। মাধ্যমটিকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে কোনো তথ্য অন্যরা চুরি করার সুযোগ না পান।
ফেসবুক নিয়ে বর্তমান সংকটের কারণ উদঘাটনে জাকারবার্গ একটি অভ্যন্তরীণ অডিটের ঘোষণা দিয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকাকে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে চাপের মুখে রয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
সারাবাংলা/আইএ/জেএএম