।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুরে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ৩০ জন।
সোমবার (১৬ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম মান্নান সিকদার। তিনি রাধানগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহতদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, কৃষ্ণপুর বাজারের ইজারাকে কেন্দ্র করে রোববার বিকেলে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল ফকিরের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের সাবেক সভাপতি ওয়াজেদ মণ্ডলের ছেলে আকতারুজ্জামান তিতাস এর সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় অন্তত ২০টি দোকানঘর ও বাজার সংলগ্ন কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

এ ঘটনার জের ধরেই সোমবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হলে একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে সদরপুর, ভাঙ্গা, নগরকান্দা থানা পুলিশ ও ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামান পাশা জানান, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সারাবাংলা/টিএম