।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নারীসহ সক্রিয় তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জঙ্গিবাদি বই ও লিফলেট।
আটক জেএমবি সদস্যরা হলেন- সোনারগাঁয়ের জান্নাতুল নাঈম মিতু (১৯), তার দুই সহযোগী চট্টগ্রামের রাউজান এলাকার মেহেদী হাসান মাসুদ (২২) ও নোয়াখালীর হাতিয়া এলাকার আকবর হোসেন সুমন (৩০)।
বুধবার (১৮ এপ্রিল) দুপুরে র্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কামরুল হাসান জানান, গত ২ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মো. নুরুল ইসলাম তার মেয়ে-জামাই জুয়েলসহ র্যাব-১১ কার্যালয়ে এসে লিখিত অভিযোগ দায়ের করেন যে, তার মেয়ে জান্নাতুল নাঈম মিতু জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং সে (মিতু) রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য দুই বছরের শিশু সন্তান রোজা আক্তারসহ ৩১ মার্চ বাসা থেকে বেরিয়ে গেছেন। তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানানো হয়।
র্যাব কর্মকর্তা জানান, মিতুর বাবার অভিযাগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাতে র্যাব অভিযান চালায়। গ্রেফতারকৃতরা চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় একটি মক্তবে মিলিত হলে সেখান থেকে র্যাব তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের সঙ্গে জেএমবির আরো বেশ কয়েকজন নারী সদস্য সহ কমপক্ষে ১৬ জন জঙ্গি সদস্যের সম্পৃতা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ব্যারের কাছে স্বীকার করেছে। র্যাব তাদেরকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সারাবাংলা/এমএইচ
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook