Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকের বিস্কুটে সাবানের গন্ধ, মাঠে ছুড়ে প্রতিবাদ!


১৯ এপ্রিল ২০১৮ ১৭:৩৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ১৭:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণকৃত বিস্কুটে সাবানের গন্ধ! এমন অভিযোগে শিক্ষার্থীরা বিস্কুট স্কুল মাঠে ফেলে প্রতিবাদ জানিয়েছে। আর যারা খেয়েছে তাদের পেটে ব্যথাসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ১৯নং ভাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে বিস্কুট বিতরণ করা হয়। ছাত্র-ছাত্রীরা বিস্কুটে সাবানের গন্ধ পেয়ে সেগুলো মাঠে ফেলে দেয়। কয়েকজন শিক্ষার্থী ওই বিস্কুট খেয়েছে। যারা বিস্কুট খেয়েছে তাদের পেটে ব্যথাসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সাবানের গন্ধযুক্ত বিস্কুট বিতরণের পরপরই উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি জানানো হয়েছে। বিস্কুটে সাবানের গন্ধের বিষয়টি স্কুল ফিডিং কর্মসূচির বাস্তবায়নকারী সংস্থা আরআরএফ এর কর্মকর্তাকে জানানো হয়েছে। পরে তিনি সাবানের গন্ধযুক্ত বিস্কুট বাদ দিয়ে অন্য বিস্কুট বিতরণ করার পরামর্শ দেন বলে জানান শিক্ষক আতিয়ার রহমান।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র হাসিব ও পঞ্চম শ্রেণির ছাত্র রাকিব বলেন, ‘বিস্কুট মুখে দেয়ার সাথে সাথেই সাবানের গন্ধ পেয়ে সেটি ফেলে দেওয়া হয়েছে।

স্কুলের মাঠে ফেলে দেওয়া বিস্কুটের প্যাকেটের গায়ে লেখা দেখা যায়, সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রাথমিক স্কুলে (উচ্চ শক্তিসম্পন্ন বিস্কুট) বিস্কুট বিতরণ লেখা রয়েছে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়ন করছে আর আর এফ নামে একটি বে-সরকারি সংস্থা।

এ ব্যাপারে আরআরএফ এর মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটী শাখার ফিল্ড মনিটরিং অফিসার তাপস কুমার মোবাইল ফোনে বলেন, বিস্কুটে কিছুটা সমস্যার কথা আমাকে ওই স্কুল থেকে জানানো হয়েছে। গন্ধ বিস্কুট বাদ দিয়ে অন্যে বিস্কুট বিতরণ করতে বলেছি। গন্ধ বিস্কুট পরিবর্তন করে দেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

এ ব্যাপারে মোড়েলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দির সঙ্গে মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

সারাবাংলা/এমএইচ/এমএস

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো