Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভিএম মোকারির মধ্যে বিএনপি যাবে না: টুকু

স্পেশাল করেসপান্ডেন্ট
২৯ জুন ২০২২ ১৬:৪৩

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আগে একবার বিশ্বাস করে নির্বাচনে গিয়েছিলাম। সেখানে তারা দিনের ভোট রাতে শেষ করে দিয়েছে। আবার এখন ইভিএমের নিয়ম করছে। এখন আর রাতের বেলা সিল মারতে হবে না। ওখানে (ভোটকেন্দ্রে) বসে টিপেই সব ভোট দিয়ে দেবে। এরকম মোকারির মধ্যে আমরা যাব না।’

বুধবার (২৯ জুন) চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী যুব দলের নতুন কমিটির সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দিতে যান ইকবাল হাসান মাহমুদ ‍টুকু।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘একটি নিরপেক্ষ সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি নির্বাচনে যাব না। আমরা একটি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক পরিবেশে বিএনপি নির্বাচন করতে চায়। বিএনপি দেখিয়ে দিয়েছে, কেয়ারটেকার সরকার করে বেগম খালেদা জিয়া পদত্যাগ করে পরাজয় বরণ করেছেন, ওটাকেই বলে গণতন্ত্র। সেই সাহস থাকলে এই সরকার আসুক, সাহস করে আসুক, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করুক। আমরা যদি পরাজিত হই, পরাজয় বরণ করব। আামাদের কথা খেলাটা ফেয়ার হতে হবে।’

নির্বাচন কমিশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের জন্মের পর থেকে, তার আগে থেকে আমরা একদিনে নির্বাচন করেছি। এখন ইনি (প্রধান নির্বাচন কমিশনার) হাইব্রিড কিনা জানি না, উনি চার দিনে কেন করতে চান, সেটাও জানি না।’

‘তার অর্থ হলো যে, আবার ওইগুলো (ফলাফল) নিয়ে এসে ডিসি অফিসে রাখো। আর ডিসি অফিসকে কেউ বিশ্বাস করে না। সুতরাং এটা বাংলাদেশে হবে না,’— বলেন টুকু।

বিএনপি নির্বাচনে আসবে— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘প্রথম কথা, ওবায়দুল কাদের কথার মূল্য বাংলাদেশের মানুষ দেয় কি না, আমার সন্দেহ আছে। দ্বিতীয়ত, আমরা কী করব না করব, সেটা আমরা ভালো জানি। ওবায়দুল কাদের আশা করলেই যে আমরা (নির্বাচনে) যাব, তার তো কোনো কারণ নাই। তারা কোনো ভালো রেকর্ডও রাখে নাই যে আমরা যাব।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, নতুন কমিটির মামুন হাসান, কারমুজ্জামান দুলাল, শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মওলা শাহীনসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/টিআর