Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের মুখোমুখি গাজীপুরের ৭ মেয়র প্রার্থী


৩০ এপ্রিল ২০১৮ ১৭:২৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ১৮:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাত মেয়র প্রার্থী জনগণের মুখোমুখি হয়েছেন। সোমবার (৩০ এপ্রিল) নগরের একটি কনভেনশন সেন্টারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত অনুষ্ঠানে জনতার মুখোমুখি হয়ে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা আধুনিক নগর গড়ার অঙ্গীকার ব্যক্ত করে সুষ্ঠু নির্বাচনের ইতিবাচক মনোভাবের আগ্রহ প্রকাশ করেন। উপস্থিত সাত মেয়র প্রার্থীকে সুজনের পক্ষ থেকে অঙ্গীকারপত্র পাঠ করানো হয়।

অনুষ্ঠানে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আমাদের প্রাপ্য। গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হলে, ভবিষ্যতে যে নির্বাচনগুলো হবে সেগুলোর গ্রহণযোগ্যতা সম্পর্কে বার্তা পৌঁছে যাবে।’

বিজ্ঞাপন

‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।’

সুশাসনের জন্য নাগরিকের গাজীপুর মহানগর কমিটির সভাপতি মনিরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপি প্রার্থী হাসান উদ্দীন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নাসির উদ্দীন, সিপিবি’র প্রার্থী কাজী রুহুল ইসলামি ফ্রন্টের জালাল উদ্দীন ও ইসলামি এক্যজোটের মাওলানা ফজলুর রহমানসহ অন্য প্রার্থীরা তিনটি করে প্রশ্নের উত্তর দেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নগরের যানজট ও জলাবদ্ধতা নিরসন করে নগরবাসীকে সুন্দর, পরিচ্ছন্ন, পরিকল্পিত একটি আধুনিক নগর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার প্রতিশ্রুতি দেন মেয়র নির্বাচিত হলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা চিহ্নিত করে মাদকমুক্ত নগর উপহার দেবেন।

‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, পোশাক শ্রমিক, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আগামী ১৫ মে গাজীপুর সিটিতে নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

গাজীপুর সিটির সাধারণ ওয়ার্ড ৫৭টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৯টি। এ সিটিতে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৫২৫ জন।

সারাবাংলা/আইএ/একে

বিজ্ঞাপন

আরো