Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৭

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ড’ নামে সাউথইস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করে ৪৫০ কোটি টাকা উত্তোলন করা হবে। বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে বিক্রি করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬ থেকে ১০ শতাংশ। এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে সাউথইস্ট ব্যাংকের টায়ার-১ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে।

বিজ্ঞাপন

বন্ডটির ট্রাস্টি হিসেবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে। এছাড়া অ্যারেঞ্জার হিসেবে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স ও সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিস।

বন্ডটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিস ও ইউসিবি ইনভেস্টমেন্ট। আন্ডার রাইটার হিসেবে কাজ করছে রূপালী ইনভেস্টমেন্ট। বন্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।

সারাবাংলা/জিএস/এনইউ
বিজ্ঞাপন

আরো