Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হার্টের ভাল্ব ও পেসমেকারের দাম নির্ধারণ


১৯ ডিসেম্বর ২০১৭ ১৮:০৬ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেশাল করেসপন্ডেন্ট

হৃদরোগের চিকিৎসায় হাসপাতালগুলোতে সরবরাহ হওয়া হার্টের ভাল্ব ও পেসমেকারের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। সর্বোচ্চ আড়াই লাখ এবং সর্বনিম্ন ৫৫ হাজার টাকায় হার্টের ভাল্ব ও পেসমেকারের মূল্য সর্বনিম্ন ৬৫ হাজার ও সর্বোচ্চ ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ ১৯ ডিসেম্বর ওষুধ প্রশাসন অধিদফতরে অনুষ্ঠিত এক সভায় সরকারের এ সিদ্ধান্তের কথা জানান মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এর আগে হার্টের রিংএর (স্টান্ট) মূল্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে হৃদরোগ ইনস্টিটিউটসহ অন্য হাসপাতালগুলোতেও নির্ধারিত মূল্যে রিং ব্যবহার করছেন রোগীরা। একই ভাবে আজ ভাল্ব ও পেসমেকারের মূল্য নির্ধারণ হলো। এখন থেকে দেশের সব হাসপাতালে এই মুল্যেই এসব ডিভাইস পাবেন রোগীরা।

বিজ্ঞাপন

জানা গেছে, এর আগে হার্টের ভাল্ব ও পেসমেকারের মূল্য নির্ধারিত না থাকায় রোগীদের কাছ থেকে ইচ্ছামতো টাকা আদায় করা হতো। বিষয়টি ওষুধ প্রশাসন অধিদফতরের নজরে এলে গত ২৮ নভেম্বর কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন এবং মেডিকেল ডিভাইস ইমপোর্টার্স এসোসিয়েশনের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে পেসমেকার ও ভাল্বের খুচরা মূল্য নির্ধারণ করা হয়। যা আজ প্রকাশ করা হলো।

ওষুধ প্রশাসন অধিদফতর সংশ্লিষ্ট সকলের মতামতের ওপর ভিত্তি করে এই মূল্য নির্ধারণ করে। মূল্য নির্ধারণে হার্টের ভাল্বের ক্ষেত্রে মডেল ও কোম্পানি ভেদে ৪ হাজার ৮০০ টাকা থেকে ২৬ হাজার টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। পেসমেকারের ক্ষেত্রে ৫ হাজার টাকা থেকে ৪ লাখ ৭ হাজার টাকা পর্যন্ত দাম কামানো হয়েছে।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) অধ্যাপক ডা. কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, মূল্য নির্ধারণ হয়েছে এটা ভাল কথা। কিন্তু হার্টে ভাল্ব ও পেসমেকার বসাতে রোগীকে আরও আনুষঙ্গিক ব্যয় বহন করতে হয়। এক্ষেত্রে ওষুধ প্রশাসন যদি ভাল্ব ও পেসমেকারের পাশাপাশি প্রতিস্থাপণের সর্বোচ্চ প্যাকেজমূল্য নির্ধারণ করে দিত তাহলে ভাল হতো।

তবে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, প্যাকেজ মূল্য নির্ধারণ করা প্রশাসনের কাজ নয়, এটি হাসপাতালের কাজ।

সভায় জানানো হয়, দেশে মোট ১৭টি কোম্পানি ভাল্ব ও পেসমেকার সরবরাহ করে। সভায় আরও উপস্থিত ছিলেন হৃদরোগ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সারাবাংলা/জেএ/একে