Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঁচপুরে বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৪ ১৪:১৫ | আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৭:০০

ঢাকা: নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় ছেলেটির মা গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন-সুরেষ ডাকুয়া (৩৫), ছেলে রোকেশ ডাকুয়া (৭)। আহত হয়েছেন মা নিপু রায় (৩০)।

শনিবার (২০এপ্রিল) সকালে কাঁচপুরের ক্যাওডালা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন শিশু রোকেশ ডাকুয়া। আহত সুরেষ ডাকুয়া ও স্ত্রী নিপু রায়কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সুরেষ ডাকুয়াকে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

কাঁচপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশ সদস্য মনির হোসেন ও আমজাদ হোসেন জানান, সকালে কাচপুর ক্যাওডালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় ওই তিনজনকে একটি বাস চাপা দেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি শিশুটি মারা গেছে। গুরুতর আহত হয়ে রাস্তায় কাতরাচ্ছেন স্বামী ও স্ত্রী। দ্রুত তাদের ঢামেকে নিয়ে আসলে সুরেষ ডাকুয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আহত নিপু রায় জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার খাজুরা গ্রামে। গ্রামে সুরেষের টেইলার্সের দোকান রয়েছে। গত শনিবার গ্রাম থেকে স্বামী-সন্তানসহ নারায়ণগঞ্জে ‘বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দির’ এসেছিলেন পূজা আর্চনার জন্য। সেখান থেকে সকালে বাড়ি ফেরার পথে কাঁচপুর ক্যাওডালা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। রোকেশ ডাকুয়া তার বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল। আর আমি তাদের পেছনে রাস্তা পার হচ্ছিলাম। এসময় একটি বাস তাদের ওপর উঠিয়ে দেয়।

তিনি আরও জানান,নিহত সুরেষ ডাকুয়ার বাবার নাম নারায়ণ চন্দ্র ডাকুয়া। নিহত শিশুটি গ্রামের একটি স্কুলে প্রথম শ্রেণির ছাত্র।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নওফেল জানান, দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে পালিয়েছে চালক। গাড়িটি আটকের চেষ্টা চলছে। শিশুটির মরদেহ ঘটনাস্থল থেকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সারাবাংলা/এসএসআর/এনইউ
বিজ্ঞাপন

আরো