Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিবাগে যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৪ ২০:৫৬

ঢাকা: রাজধানীর মালিবাগ ডিআইটি রোডের একটি বাসায় এইচ এম রায়হান আহাদ (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে ডিআইটি রোডের বাসায় এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পাশের রুমের ভাড়াটিয়া ডা. রেজা জানান, আহাদের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন। চীনে পড়ালেখা করতেন। কিছুদিন আগে বাংলাদেশে এসেছেন। তার পরিবার গ্রামে থাকলেও তিনি মালিবাগের ওই বাড়িতে একটি রুম ভাড়া থাকতেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আজ বিকেলে বাইরে থেকে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়েন আহাদ। কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। সন্দেহ হলে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাদর পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। সেখান থেকে তাকে দ্রুত নামিয়ে হাসপাতালে নিয়ে এলে মারা যায়।

তবে কী কারণে আহাদ আত্মহত্যা করেছেন তা কেউ জানে না বলে জানান ডা. রেজা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম