Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে এলো ১১টি বুলেটপ্রুফ সামরিক যান

লোকাল করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৪ ২১:৪৫

বেনাপোল: বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি বাড়াতে ভারত থেকে আমদানি করা হয়েছে ১১টি ‘মাইন প্রটেকটেড ভেহিকেল’। বুধবার (১০ ‍জুলাই) বিকেলের দিকে সামরিক যানগুলো বেনাপোল বন্দর থেকে খালাস করা হয়। এর আগে, মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে এসব সামরিক যানগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল ডিফেন্স পারসেজ এসব সামরিক যান আমদানি করেছে। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের টাটা অ্যানভানসড সিস্টেমস লিমিটেড। চালানে সামরিক যানগুলোর আমদানি মূল্য দেখানো হয়েছে ৩৮ লাখ ৫ হাজার ৩৯ ইউএস ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ কোটি টাকা।

বিজ্ঞাপন

জানা যায়, এই যানগুলো সম্পূর্ণ বুলেট প্রুফ। এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে এ ধরনের সামরিক যান আমদানি করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত সামরিক সরঞ্জামের তালিকার তথ্যমতে, দেশে এর আগে মোট ২০৫টি মাইন রেজিস্ট্যান্ট আ্যমবুশ প্রটেকটেড ভেহিকেল কেনা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর সরঞ্জামের তালিকায় দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫০, দক্ষিণ আফ্রিকা থেকে ৪৪ ও কানাডা থেকে ৪৪টি মাইন রেজিস্ট্যান্ট অ্যামবুশ প্রটেকটেড যান কেনা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স ২০২৪ অনুযায়ী সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ৩৭তম।

ঢাকার এমআর লজিস্ট্রিক নামের একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান সামরিক যানগুলো বেনাপোল কাস্টমস ও বন্দর থেকে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার দিকে খালাস করে।

প্রতিষ্ঠানটির বেনাপোল অফিসের প্রতিনিধি বাবু বলেন, সম্পূর্ণ শুল্কমুক্ত এই ১১টি সামরিক যানগুলো খালাস করে সেনাবাহিনীর কর্মকর্তারা ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছে।

বেনাপোল স্থলব বন্দর পরিচালক রেজাউল করিম জানান, আমদানি করা এসব সামরিক যানগুলো বন্দরের হেফাজতে রাখা ছিল। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আজ সন্ধ্যা ৬টার দিকে খালাস করে নিয়ে যাবে। দ্রুত খালাসে বন্দরের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো