Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিখোঁজের ৩ দিন পর মিলল দোকানির লাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজের তিনদিন পর এক পান দোকানদারের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে খুন করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার চুনতি ইউনিয়নের মিরিখিল রেললাইনের পাশের একটি ব্রিজের নিচ থেকে ওই দোকানির লাশ উদ্ধার করা হয়।

খুনের শিকার মো. হাসান (৩৫) ওই এলাকার ইছহাক সওদাগরের ছেলে। অন্যদিকে গ্রেফতার দুইজন হলেন-যোবায়ের হোসেন (২১) ও বাবু দে (২০)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর রাতে পানের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন হাসান। এরপর অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার রাতে স্থানীয়রা ব্রিজের নিচে হাসানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সারাবাংলাকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা হাসানের কাছে থাকা পান বিক্রির টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য তাকে শ্বাসরোধ করে খুন করার বিষয়টি স্বীকার করেছেন। যোবায়েরের বাড়ি থেকে হাসানের মোবাইল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আইসি/এনইউ