Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০১

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন আম আদমি পার্টির (আপ) নেত্রী ও শিক্ষামন্ত্রী আতিশি মারলেনা।

এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। এরপরেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আতিশি দায়িত্ব নেবেন।

আজ আম আদমি পার্টির (এএপি) বিধায়কদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগ, দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে কারামুক্তির মাত্র দুইদিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরবিন্দ কেজরিওয়াল। স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দিল্লিতে আয়োজিত দলীয় এক অনুষ্ঠানে কেজরিওয়াল এমন ঘোষণা দেন। তিনি জানান, ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। মানুষের রায়ে যদি ফের মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলেই কেবল ওই চেয়ারে আবার বসবেন।

বিজ্ঞাপন

কেজরিওয়ালের এমন ঘোষণার পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদে কে বসতে চলেছেন তা নিয়ে কল্পনা-জল্পনা চাউর হয়। দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি, আম আদমি পার্টির বিধায়ক সৌরভ ভরদ্বাজ, রাঘব চাড্ডা, কৈলাশ গাহলট ও সঞ্জয় সিংয়ের মধ্য থেকে কেউ একজন নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। তবে সবাইকে টপকে শেষ পর্যন্ত দিল্লির মসনদ নিজের করে নিলেন আতিশি।

সারাবাংলা/ইআ