Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪০

ঢাকা: প্রশাসনে আওয়ামী লীগ সরকারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর দক্ষিণখানে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ছাত্র আন্দোলনে সময় নিহত জাহীদুজ্জামান তানভীরের স্মরণে এ সভা আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে সারা দেশে প্রায় দুই হাজার লোকের জীবন কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট হাসিনার সরকার। সেই আওয়ামী লীগের দোসররা এখনও প্রশাসনে রয়েছে। যারা হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে, তারাই ক্ষমতায় রয়ে গেছে। এদেরকে প্রশাসনে রেখে রাষ্ট্র সংস্কার হবে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বারবার জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী হয়ে সবশেষে ছাত্র-জনতার জীবন নিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। যাদের হাতে সাধারণ মানুষের রক্ত তাদের বিচার আগে করতে হবে। তা না হলে শহিদের আত্মা শান্তি পাবে না।’

প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রভুত্বের স্বভাব বাদ দিয়ে বন্ধু হিসেবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। গোটা বিশ্ব হাসিনার ভোট বর্জন করলেও একমাত্র ভারত সাপোর্ট করেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারত সীমান্ত সবচেয়ে বেশি রক্তাক্ত। ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করে থাকলে আমাদেরও অধিকার আছে, দিল্লি নিয়ে কথা বলার। ভারতের কাছে নতজানু হয়ে থাকার দিন শেষ হয়ে আসছে। বাংলাদেশের মানুষ আর কখনওই নতজানু হয়ে থাকবে না ‘

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা কফিল উদ্দিন ও মোস্তাফিজুর রহমান সেগুন, অধ্যাপক সাইফুল ইসলামসহ অনান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ