Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহী সীমান্তে আটক ২ ভারতীয় নাগরিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৪ ০১:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: রাজশাহী সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত পিলার থেকে বাংলাদেশের দিকে প্রায় ৫০০ গজ ভেতর থেকে তাদের আটক করা হয়।

বুধবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) অধীন ৬৮/২-এস সীমান্ত পিলার এলাকা থেকে আটক করা হয় ওই দুই ভারতীয় নাগরিককে।

আটক দুজন হলেন— ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুপ গ্রামের আবদুর রহিমের ছেলে আইনুল হক (৫৫) ও একই গ্রামের জার্মান আলীর ছেলে শোয়েব নবী শেখ (৪০)।

বিজিবি রাজশাহী-১ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল বলেন, দুই ভারতীয় নাগরিক পদ্মা নদী পার হয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছিলেন। এ সময় তাদের আটক করা হলে তারা ভারতীয় নাগরিক বলে নিজেদের পরিচয় স্বীকার করে নেন। আইনি ব্যবস্থা নিতে তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজশাহী অঞ্চলে সীমান্ত দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বাড়ানো হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মতিউল।

সারাবাংলা/টিআর