Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিমান্ড শেষে কারাগারে পিপলস পার্টির বাবুল-সাবেক সচিব মহিবুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৯:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যুবদল নেতা শামীম হত্যা মামলায় বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী (৬০) ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

এদিন তিনদিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুলকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন (১৯ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাতদিনের রিমান্ড আবেদন করেন।

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে মূলনথি না থাকায় এ বিষয়ে শুনানির জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন।

গত বুধবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুল গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফেরদৌস আলম তাকে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। মামলার মূলনথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড ও জামিন বিষয়ে শুনানির জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন।

গত ২৪ নভেম্বর তাদের এ মামলায় তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। ওই দিনের মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এরপর এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এইচআই