Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সব কর্মকর্তা-কর্মচারী এবং পেনশনভোগীরাও মহার্ঘ ভাতা পাবেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১২:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন বলে জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।

তিনি আরও জানান, পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জনপ্রশাসন সচিব বলেন, এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।  কমিটি  এ বিষয়ে সুপারিশ দেবে।

প্রসঙ্গত এর আগে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ-সংক্রান্ত  একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটিতে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অর্থ সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিবকে।

বিজ্ঞাপন

সরকারের কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি। প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে আত্তীকরণ করতে পারবে।

উল্লেখ্য, সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা। সর্বশেষ ২০১৫ সালের জুলাইয়ে অষ্টম বেতন স্কেল কার্যকর হয়। সে সময় নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক বৃদ্ধির (ইনক্রিমেন্ট) প্রস্তাব ছিল বেতন কমিশনের। ২০২৩ সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতিবছর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান। এদিকে বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা।

সারাবাংলা/জেআর/এনজে/আরএস