Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে: নৌ বাহিনী কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৩:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সচিবালয়ের সাত নম্বর ভবনে পরিকল্পিতভাবে কেউ আগুণ লাগিয়ে থাকতে পারে বলে মনে করছেন বাংলাদেশ নৌ বাহিনীর সিনিয়র চিফ পেডি অফিসার মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, ভিতরের পরিস্থিতি দেখে ধারণা করছি যে, কোনো শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। প্রাথমিকভাবে দেখা গেছে, ভবনে বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিরে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মো. আমিনুল ইসলাম বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। রাতে সংবাদ পাওয়ার পর আমাদের ফায়ার টিম সচিবালয়ে চলে আসে।

সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে একটা ভবনের নানান জায়গায় কীভাবে আগুন লাগলো- জানতে চাইলে তিনি বলেন, আমি তো দেখিনি কীভাবে আগুন লেগেছে। তবে আমরা ভিতরের পরিস্থিতি দেখে ধারণা করছি যে, কোনো শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। যদি শর্টসার্কিট থেকে আগুন লাগতো, তাহলে নানান স্থানে আগুন লাগতো না। কে বা কারা, কীভাবে আগুন লাগলো বা লাগাল- সেটার সঠিক তথ্য এখনো মেলে নি। তবে প্রাথমিকভাবে আমার মনে হয়, কেউ পরিকল্পিতভাবে এ কাজটি করেছে।

বিজ্ঞাপন

আপনার এ ধারণা কেনো হলো জানতে চাইলে- তিনি বলেন, এখানে যে আগুনটা লেগেছে সেটা বিভিন্ন স্থান থেকে লেগেছে। শর্টসার্কিট থেকে আগুন লাগলে যে কোনো এক পাশ থেকে লাগত। এখানে দেখা গেছে যে, বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে।

ভেতরে কী রকম ক্ষয়ক্ষতি হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে ,সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। যে সব স্থানে আগুন লেগেছে সেখানে কোনো নথিপত্র নেই, সব পুড়ে ছাই হয়েছে। যেখানে আগুন লেগেছে, সেখানে মোটামুটি সবই পুড়েছে। আমরা সব এখনও চিহ্নিত করতে পারি নি। আমরা কাজ করছি।

আপনাদের কোনো সদস্য এখন ভেতরে আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, আমাদের কিছু সদস্য এখনো ভেতরে রয়েছে। তারা কাজ করছে। আমাদের পুরো টিম আছে।

উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি রাত ১টা ৫৪ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়।

সচিবালয়ের সাত নম্বর ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়ে আগুন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ভবনে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়ের একাংশ, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ রয়েছে।

সারাবাংলা/জেআর/ইআ