Saturday 07 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ২২:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপাসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে অপেক্ষমাণ সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘গণতন্ত্রের আপসহীন নেত্রী, জনগণের সব চাইতে আদরের নেত্রী, যিনি স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে আপসহীন, তিনি তার চিকিৎসার জন্যে আগামী ৭ তারিখে রাতেই লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে।’

বিজ্ঞাপন

‘আমরা তার সঙ্গে আলাপ করেছি, কথা বলেছি এবং পরম করুনাময় আল্লাহ তায়ালার কাছে এই দোয়া চেয়েছি যে, আল্লাহ তায়ালা যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে দেন। গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন’— বলেন মির্জা ফখরুল।

No description available.

তিনি বলেন, ‘আমরা আল্লাহ তায়ালার কাছে সেই দোয়া করছি, তার যাত্রা যেন সফল হয়, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এই বিষয়গুলোই আলাপ হয়েছে। আমাদের সেরকম কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি। তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, আমরা সবাই সেই কামনা করেছি।’

খালেদা জিয়া কোনো নির্দেশনা দিয়েছেন কিনা?— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘নির্দেশনা দিয়েছেন যে, এক সাথে কাজ কর, জনগণের পক্ষে কাজ কর, গণতন্ত্রের পক্ষে কাজ কর।’

এর আগে, রাত ৮টার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু খালেদা জিয়ার বাসায় যান।

সারাবাংলা/এজেড/পিটিএম